কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশ · 2026-11-08T17:26:33.000000Z · জেলা প্রতিনিধি
দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আইডিইবি কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি সড়ক বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। পরে আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. রায়হান মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বসু রায়, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান, প্রকৌশলী মো. সোয়াইবুর রহমান, প্রকৌশলী মো. ফারুক মিয়া এবং প্রকৌশলী মো. আব্দুল আজিজ খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে তাঁদের দক্ষতা ও নিষ্ঠা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়েছে।
বক্তারা আরও বলেন, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে আধুনিক, দক্ষ ও কর্মমুখী ডিপ্লোমা প্রকৌশলী তৈরির বিকল্প নেই। একই সঙ্গে কুড়িগ্রামের অবকাঠামোগত ও সামগ্রিক উন্নয়নে প্রকৌশলীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।