বেরোবিতে ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন
শিক্ষা · 2026-11-08T17:29:03.000000Z · ডেস্ক রিপোর্ট
উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (Office of the International Affairs) উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিকল্প নেই। নবপ্রতিষ্ঠিত এ কার্যালয়ের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ সহজ হবে।
তারা আরও বলেন, এ কার্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বৃত্তি, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং মানসম্মত গবেষণার নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।