শ্রীমঙ্গলের সময়

কুশনারকে ঘিরে ২ বিলিয়ন ডলারের অভিযোগ

বিশ্ব · 2026-11-27T16:17:00.000000Z · ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক, বিপুল অর্থ লেনদেন এবং গোপন সামরিক সহযোগিতা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোলের নতুন বইয়ে এসব দাবি তুলে ধরা হয়েছে। তবে কুশনার অভিযোগগুলো জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বইয়ের সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

গত মাসে প্রকাশিত ম্যাথিউ কোলের বইটির নাম ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’। এতে মধ্যপ্রাচ্যের রাজপরিবারগুলোর ক্ষমতার দ্বন্দ্ব, অর্থনৈতিক লেনদেন, ব্ল্যাকমেইল, নির্যাতন এবং ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার নানা অভিযোগ তুলে ধরা হয়েছে।

বইটির অন্যতম আলোচিত দাবি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকার কুশনারকে প্রায় ২০০ কোটি ডলার দিয়েছিল। এর মধ্যে ৭৫ কোটি ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থা ওয়াতানি আল ইমারাত ফাউন্ডেশনের মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে। নাগরিক উন্নয়ন কর্মসূচিতে সহায়তার কথা বলা হলেও ওই অর্থ অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত হয়েছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের পক্ষে বইয়ে যাঁদের বক্তব্যের উল্লেখ রয়েছে, তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বইয়ের সব দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সৌদি ও আমিরাতের রাজপরিবারের পক্ষ থেকেও অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বইয়ে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধে নিজের ভাই ও সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদকে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগও আনা হয়েছে। কোলের দাবি, ১৯৯০-এর দশকে খলিফার ব্যক্তিগত জীবনের ভিডিও ধারণের জন্য দুই সিরীয় নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ভিডিওটি রুশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পাঠানো হয়। তবে এ অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

খলিফা বিন জায়েদের শারীরিক ও মানসিক সক্ষমতা দুর্বল করতে চিকিৎসার নামে তাঁকে বিশেষ ওষুধ প্রয়োগের অভিযোগও রয়েছে বইটিতে। কোলের দাবি, এসব চিকিৎসার কারণে খলিফা স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা হারিয়েছিলেন। এ কাজে পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা এক মার্কিন নার্সের সহায়তা নেওয়া হয়েছিল বলেও বইয়ে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষেও স্বাধীনভাবে যাচাই করা তথ্য উপস্থাপন করা হয়নি।

আমিরাতের সামরিক সক্ষমতা বাড়াতে ইসরাইলি প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বইয়ে গুরুত্ব পেয়েছে। কোলের দাবি, ১৯৯০-এর দশকেই মোহাম্মদ বিন জায়েদ ইসরাইলি সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকা যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহী ছিলেন। পরে আমিরাত ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দূর করতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনের উদ্যোগে গোপন আলোচনা হয়েছিল বলেও বইয়ে দাবি করা হয়েছে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করায় আমিরাতের কবি ও লেখক হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন কোল। তাঁর দাবি, ২০১৯ সালের আগস্টে ইসরাইলের সমালোচনা করে একটি কলাম লেখার পর নিরাপত্তা কর্মকর্তারা সায়েগকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। তিন দিন নির্যাতনের পর তাঁর মৃত্যু হয় বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে বইয়ের বর্ণনা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বইটিতে কুশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিক টম ব্যারাকের ক্ষমতার দ্বন্দ্বের কথাও তুলে ধরা হয়েছে। কোলের দাবি, সৌদি আরব ও আমিরাতের শাসকদের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইতেন কুশনার। এ নিয়ে ব্যারাকের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। বিশেষ করে ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাতের অবরোধের সময় দুই ব্যক্তির অবস্থানগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

বইয়ের এসব অভিযোগ নিয়ে কুশনারের অস্বীকৃতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর নীরবতার কারণে দাবিগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে স্বাধীন তদন্ত ও নির্ভরযোগ্য প্রমাণের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত