শ্রীমঙ্গলের সময়

পাকিস্তানে শুরু হলো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির গুরুত্বপূর্ণ বৈঠক

বিশ্ব · 2026-11-27T16:07:00.000000Z · ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং যৌথ নিরাপত্তা অঙ্গীকার বাস্তবায়নের উপায় পর্যালোচনায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তিন দেশের মধ্যে সম্ভাব্য সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য বিনিময়, আকাশ প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়গুলো আলোচনার সূচিতে রয়েছে।

এ ছাড়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় রূপ দেওয়ার সম্ভাবনা এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রত্যেকটি দেশ থেকে দুজন করে প্রতিনিধি অংশ নিচ্ছেন। এ ছাড়া চুক্তির প্রথম মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদও উপস্থিত রয়েছেন। এর আগে কমিটির বৈঠক সৌদি আরব ও তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল।

ইসলামাবাদ সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলগুলোর পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আলোচনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চুক্তির প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠক শেষে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে। এ ছাড়া সফররত প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে তাঁর বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

এদিকে, বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদের রেড জোন ও প্রধান সড়কগুলো সাজানো হয়েছে। প্রতিনিধিদলগুলোকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে তিন দেশের জাতীয় পতাকা, স্বাগত বার্তা ও ব্যানার টাঙানো হয়েছে।

সূত্র: ডন

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত