শ্রীমঙ্গলের সময়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শাহবাজ শরিফ

বিশ্ব · 2026-11-27T16:00:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক নৈকট্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও তাঁর প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এসব কথা বলেন শাহবাজ শরিফ। এ সময় তিনি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

একই দিন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দলটির দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

এ ছাড়া চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ শরিফ। এ সময় চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে ‘শেনঝো-২৪’ মিশনের যাত্রাকে পাকিস্তান ও চীনের দৃঢ় বন্ধুত্বের জীবন্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, দেশের স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এবং প্রাদেশিক সরকারগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ।

পাশাপাশি রত্নপাথর খাতের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন, আধুনিক খনন প্রযুক্তি চালু এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। এ লক্ষ্যে প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে পাঠানোর কথাও বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত