শ্রীমঙ্গলের সময়

সারা দেশে শীত নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

জাতীয় · 2026-11-27T15:34:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আগামী রোববার পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারা দেশে শীতের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী রোববার পর্যন্ত তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারও সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত