শ্রীমঙ্গলের সময়

মার্কিন বিমান বাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে সামরিক তথ্য

বিশ্ব · 2026-11-27T15:27:00.000000Z · ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ধরা পড়েছে। এতে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, রসদ ব্যবস্থাপনা এবং যুদ্ধাস্ত্রের গতিবিধি-সংক্রান্ত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ সংবেদনশীল সামরিক, কর্মী ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে সিস্টেম হালনাগাদের কাজ চলার সময় ক্লাউড ওয়ানে এই অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর পুরো প্ল্যাটফর্মজুড়ে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা দেয়। তবে কারা এই হামলা চালিয়েছে, কতটা তথ্য ঝুঁকিতে পড়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিভিন্ন তথ্যপ্রযুক্তি কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সুবিধা একত্র করে তৈরি এ প্ল্যাটফর্মে কর্মীদের তথ্য, বেতন, রসদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

এ প্ল্যাটফর্মের আওতায় রয়েছে বিমান বাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার বিমান প্রতিরক্ষা রাডারসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এ ছাড়া বিশ্বজুড়ে ২০০টির বেশি মার্কিন বিমান বাহিনীর অবস্থান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণের ব্যবস্থাও এতে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানে আগে থেকে চালু থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশনের হালনাগাদ স্থগিত করা হয়। কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ বন্ধ রাখা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করেছিল। তবে এর মাধ্যমে তারা সামরিক বিমানের কার্যক্ষমতা কিংবা যন্ত্রাংশের চলাচলসংক্রান্ত তথ্য দেখেছে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রয়টার্সকে জানিয়েছে, নির্দিষ্ট নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত