সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযান: সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় বিডিসহ গ্রেফতার ১
সিলেটের খবর · 2026-11-15T13:25:23.000000Z · প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হযরত আলী (১৯)। তিনি জেলার তাহিরপুর থানার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।
এছাড়া পলাতক আসামিরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) এবং মোঃ জলিল (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯টায় উল্লাসনগর এলাকায় পলাতক আসামি বিল্লালের বসতঘরের সামনের উঠানে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে হযরত আলীকে গ্রেফতার করা হয় এবং অন্যদের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে এসব তামাকজাত পণ্য চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে এনে বিক্রি করে আসছিল।জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন এবং পুলিশ সদস্য ৫৯৯ মোশারফ ও ১০৩৭ দীপক মুন্ডা অংশ নেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।