শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন: স্বাধীন সাংবাদিকতা ও জনস্বার্থের ওপর গুরুত্বারোপ

সিলেটের খবর · 2026-11-15T22:30:00.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল

​দীর্ঘ ২৮ বছরের গৌরবোজ্জ্বল পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।​রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের ভানুগাছ রোডস্থ রাকিন টি-তে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
​দৈনিক ভোরের চেতনার শ্রীমঙ্গল প্রতিনিধি প্রধান শাহাদাত হোসেন অপুর সভাপতিত্বে এবং নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আখতার হোসেন মিন্টু।​প্রধান অতিথির বক্তব্যে শামীম আখতার হোসেন মিন্টু বলেন, “একটি সংবাদপত্রের সাফল্য কেবল তার প্রকাশনার দীর্ঘসূত্রিতায় নয়, বরং মানুষের আস্থা অর্জন এবং সমাজের বাস্তব চিত্র নির্ভয়ে তুলে ধরার মধ্যেই নিহিত। দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে দেশের মানুষের কথা, অধিকার ও প্রত্যাশা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
​গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, “গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন সংবাদমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকতা যেন কোনো চাপ বা প্রতিবন্ধকতার কাছে নতিস্বীকার না করে, সেজন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।” এ সময় তিনি সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও অধিকারবঞ্চনার বিষয়গুলো আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।​বক্তব্যের শেষাংশে তিনি দৈনিক ভোরের চেতনার সঙ্গে যুক্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সবাই পত্রিকাটির ২৮ বছরের সফল পথচলাকে স্মরণ করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত