শ্রীমঙ্গলের সময়

গর্ভবতী মা, শিশু ও চক্ষুরোগীদের জন্য ভুরুঙ্গামারীতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

সারাদেশ · 2026-10-28T01:52:54.000000Z · জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্পে ১৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন। ক্যাম্পে গর্ভবতী নারী, শিশু, কিশোর-কিশোরী, চক্ষুরোগী ও সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে আরডিআরএস বাংলাদেশ। দিনব্যাপী এ ক্যাম্পে গর্ভবতী নারী, শিশু, চক্ষুরোগী ও সাধারণ রোগে আক্রান্তসহ মোট ১৩০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রাঙ্গণে আরডিআরএস বাংলাদেশের ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পোভার্টি আপলিফটমেন্ট ইন রংপুর (সি-রংপুর)’ প্রকল্পের উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। তিনি বলেন, এ ধরনের স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা পাচ্ছেন। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগ প্রশংসার দাবিদার।

এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. যোবায়ের হোসেন, আরডিআরএস আই কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদা আক্তার, রিফ্রাকশনিস্ট শাহরিয়ার আহমেদ, জয়মনিরহাট ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবুবক্কর সিদ্দিক, আরডিআরএস বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (হেলথ) জেসমিন আক্তার, ডিস্ট্রিক্ট অফিসার ধলেশ্বরী রানী এবং সিএম উত্তম কুমার রায়।

দিনব্যাপী ক্যাম্পে চক্ষু পরীক্ষা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ এবং বিভিন্ন সাধারণ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, ক্যাম্পে মোট ১৩০ জন রোগী চিকিৎসাসেবা নেন। এর মধ্যে ২৪ জন পুরুষ, ১০৩ জন নারী এবং ৩ জন কিশোর ছিলেন।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত