শ্রীমঙ্গলের সময়

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে বাজার কমিটি ও কৃষকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেটের খবর · 2026-10-27T20:20:00.000000Z · প্রতিবেদক, সুনামগঞ্জ


​সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে কারিতাস বাংলাদেশের উদ্যোগে স্থানীয় বাজার কমিটি, কৃষক এবং সার ও বীজ ব্যবসায়ীদের সাথে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার কৃষি উন্নয়ন, জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং মানসম্মত দেশীয় প্রজাতির বীজ সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রিয়াজ হাসান। তিনি বলেন, “আধুনিক কৃষির টেকসই উন্নয়নে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। একই সাথে দেশীয় প্রজাতির বীজ সংরক্ষণ ও এর সঠিক ব্যবহার কৃষকদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”​বিশেষ অতিথির বক্তব্যে কারিতাস ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক বলেন, কারিতাস বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে সাধারণ কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিবান্ধব নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।​সাচনা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদ আল আজাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম আহামেদ, বাজার কমিটির সদস্য রাজীব বণিক এবং সার ও বীজ ডিলার মনসুর আলীসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।​সভায় স্থানীয় সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সাথে বাজারের প্রচার, সঠিক মূল্যে মানসম্মত পণ্য বিক্রি এবং কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভা সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক পলাশ দাস। এতে সার্বিক সহযোগিতা করেন আমির হোসেন হৃদয়, উপেন্দ্র নাথ রায় এবং কারিতাস বাংলাদেশের সদস্য ওয়াসিম মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।​এই সমন্বয় সভার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং জামালগঞ্জের সার্বিক কৃষি খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত