রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন
খেলা ·
2026-11-08T08:03:54.000000Z
· তৌহিদুর রহমান
শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৯টায় রাংটিয়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রেজেন্টসে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু। প্রিয় অতিথি ছিলেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহাম্মদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক ও নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকুন উজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. শামিম আহমেদ এবং ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। পরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ায় পঞ্চম আসরের খেলা।আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।তারা আরও জানান, রাংটিয়া এলাকার তরুণ স্বেচ্ছাসেবী ও সাংবাদিক মো. সাদ্দাম হোসেনের উদ্যোগে স্থানীয় তরুণ ও এলাকাবাসীর সহযোগিতায় টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। ধারাবাহিকভাবে চারটি সফল আসর আয়োজনের পর এবার পঞ্চমবারের মতো মাঠে গড়িয়েছে এ ক্রিকেট টুর্নামেন্ট।