কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি
সারাদেশ · 2026-11-08T07:27:53.000000Z · স্টাফ রিপোর্টার
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।
সমবায়ী শিক্ষক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শিখা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সমবায়ী মাকসুদ রহমান বিপ্লব, বিআরডিবির সহসভাপতি হাবিবুর রহমান সবুজ, একে এম শাহজাহান কবীর, মো. সেলিম মিয়া, চন্দন তালুকদার ও আনোয়ার হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমবায় খাতে অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। এর মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তাঁরা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।