শ্রীমঙ্গলের সময়

আগাম আমন কাটায় ব্যস্ত শেরপুরের কৃষক

সারাদেশ · 2026-11-08T07:26:30.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। সোনালি ধানে ভরে উঠেছে মাঠ। পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম জাতের স্বল্পমেয়াদি রোপা আমনের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

শেরপুর সদর উপজেলাসহ সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন মাঠে এখন শোভা পাচ্ছে পাকা আমন ধান। কোথাও ধান কাটছেন কৃষকেরা, আবার কোথাও চলছে ধান মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর শেরপুর জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হেক্টর বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আগাম জাতের আমন ধান হিসেবে জেলায় বিনা-১৭, ব্রি ধান-৭৫সহ বিভিন্ন স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল জাতের ধান চাষ করা হয়েছে। পাশাপাশি কৃষক পর্যায়ে স্থানীয়ভাবে বিভিন্ন উন্নত ও স্বল্পমেয়াদি জাতের ধানের আবাদও রয়েছে।

কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগাম জাতের আমন ধান চাষের অন্যতম সুবিধা হলো দ্রুত ফসল ঘরে তোলা যায়। ফলে একই জমিতে পরবর্তী রবি মৌসুমে সরিষা, ডালজাতীয় ফসল, আলু, ভুট্টা ও বিভিন্ন শীতকালীন সবজি চাষের সুযোগ তৈরি হয়। এতে একই জমি থেকে বছরে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব হয়।

স্থানীয় কৃষকেরা জানান, গত বছরের তুলনায় এবার আগাম আমন ধানের আবাদ ও ফলন ভালো হয়েছে। নির্ধারিত সময়ে ধান কাটতে পারলে একই জমিতে আবার সরিষা, ডালজাতীয় ফসল, গোল আলু, ভুট্টা ও শীতকালীন বিভিন্ন সবজির আবাদ করা যাবে। এতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। পাশাপাশি আগাম জাতের আমনের ফলনও দিন দিন বাড়ছে। আগাম ধান কাটার পর কৃষকেরা একই জমিতে বিভিন্ন রবি ফসল আবাদ করতে পারছেন। এতে তাঁরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

কৃষি বিভাগের প্রত্যাশা, আগাম আমন ধান দ্রুত ঘরে তুলতে পারলে শেরপুরের কৃষকেরা রবি মৌসুমের ফসল আবাদে আরও বেশি সময় পাবেন। ফলে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত