গোপালগঞ্জে মাদক ব্যবসায়ীদের মারপিটে বৃদ্ধ নিহত, অভিযুক্তরা পলাতক
সারাদেশ · 2026-11-06T13:20:11.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে মিজানুর রহমান (৭৭) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের মনির মোল্লার ছেলে শুভ মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তার সঙ্গে বৃদ্ধ মিজানুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।এই বিরোধের জের ধরে গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শুভর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে আহত করে।পরিবার সূত্রে জানা যায়, হামলার পর আহত বৃদ্ধকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে সেখান থেকে ফিরিয়ে এনে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তাকে পুনরায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউল আলম জানান, "ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।"তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে দাফন সম্পন্ন হওয়ার পর রাতেই মামলা হতে পারে বলে পুলিশ খোঁজখবর রাখছে।