শ্রীমঙ্গলের সময়

নবীগঞ্জে শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি জমির ১৪-১৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটের খবর · 2026-11-12T12:05:45.000000Z · প্রতিবেদক, নবীগঞ্জ


​হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বখশিপুর এলাকায় শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি ভূমি থেকে ১৪-১৫টি মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।​স্থানীয় সূত্রে জানা গেছে, শাখাবরাক নদীর তীর রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে রেন্টি, আকাশী ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির বড় বড় ১৪-১৫টি গাছ দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে ছিল। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীর সংরক্ষণে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।​অভিযোগ উঠেছে, বখশিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন অবৈধভাবে এসব সরকারি গাছ কেটে নিয়ে গেছেন। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।​এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সম্পত্তি কোনো ব্যক্তির ব্যক্তিগত নয়। কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে নেওয়ায় একদিকে যেমন সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, অন্যদিকে নদীর তীর সংরক্ষণ ও মাটি ক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এতে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে।​এ বিষয়ে অভিযুক্ত জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, "গাছগুলো কে কেটেছে আমি জানি না।"​ঘটনার বিষয়ে নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিরুদ্ধ দেব রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই ওই এলাকার তহসিলদারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে সেখানে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাটা গাছগুলো সরকারি জিম্মায় রাখা হয়েছে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত