সারাদেশ ·
2026-11-05T13:17:00.000000Z
· শ্রীমঙ্গলের সময় ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ নভেম্বর ২০২৬, ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এই টহলদলটি সীমান্ত পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে অবস্থান নেয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"