সার বিতরণে স্বচ্ছতা আনতে মুক্তাগাছায় নতুন উদ্যোগ ১২:০৮পি.এম. | নভেম্বর ১০
সারাদেশ · 2026-11-10T06:47:20.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষকদের কাছে সহজে ও স্বচ্ছতার সঙ্গে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (এফডিএমএস) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এবং মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক এ.জেড.এম. ইমাম উদ্দিন মুক্তা।
মতবিনিময় সভায় বক্তারা জানান, উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (এফডিএমএস) চালুর ফলে সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি কৃষকদের সার সংগ্রহের প্রক্রিয়া সহজ হবে এবং বিতরণ ব্যবস্থায় অনিয়ম ও ভোগান্তি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র জানান, সার ডিলার ও খুচরা বিক্রেতাদের ডিজিটাল পদ্ধতির ব্যবহার, স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ এবং ডিলারশিপ ব্যবস্থাপনার কারিগরি দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সার ডিলার ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।