শ্রীমঙ্গলের সময়

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জাতীয় · 2026-11-10T07:42:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দণ্ডিত ও পলাতক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদে সাজাপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। সে ক্ষেত্রে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই বলে মনে করেন তিনি। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি তা মোকাবিলা করতে দেশে আসেননি বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি। ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগও নেই।

ব্রিফিংয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পাঠানো চিঠির বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে, তাঁর দল কিংবা নেতাকর্মীদের কেউ আবেদন করেননি বলে দাবি করেন তিনি। তাঁর মতে, পাসপোর্টের আবেদনকারী হিসেবে একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠানের নাম আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাননি বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

আমিনুল ইসলামের ভাষ্য, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। তবে এখন পর্যন্ত তিনি এ ধরনের কোনো লিখিত আবেদন করেছেন বলে তাঁদের জানা নেই।

শেখ হাসিনার নামে প্রচারিত বক্তব্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য তাঁরা এখন পর্যন্ত পাননি। বিভিন্ন সময়ে সামনে আসা অডিও বক্তব্যগুলো আদৌ তাঁর কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার সত্যিকার অর্থে দেশে ফেরার সদিচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন অথবা রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আপিল করতেন। দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোর পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত