ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
সারাদেশ · 2026-11-10T06:57:58.000000Z · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)। ৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) ও তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)-এর পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের একটি অভিযানিক দল ৯ নভেম্বর মধ্যরাতে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ‘ইউনাইটেড’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) সেখানে পৌঁছালে গোয়েন্দা দল বাসটির গতিরোধ করে। পরে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।