শ্রীমঙ্গলের সময়

ক্ষেপণাস্ত্র তৈরিতে বিদেশি সহায়তা লাগে না, দাবি ইরানের

বিশ্ব · 2026-11-10T08:10:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ক্ষেপণাস্ত্র উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জনের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় প্রযুক্তি, কাঁচামাল ও উৎপাদন সক্ষমতা এখন ইরানের নিজস্ব নিয়ন্ত্রণে। ফলে এ খাতে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা অনেকটাই কমেছে।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন।

বিলালি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্প এখন পারস্যের ঐতিহ্যবাহী কার্পেটের চেয়েও বেশি দেশীয়।’ তাঁর দাবি, নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে ইরান এখন ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে।

তিনি জানান, কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল দেশেই সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়। বিশেষ করে ইরানের খনিজ সম্পদ এবং পেট্রোলিয়ামজাত উপাদান ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিলালির ভাষ্য অনুযায়ী, দেশীয় সম্পদের ব্যবহার বাড়ানোর ফলে ক্ষেপণাস্ত্র উৎপাদনে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমাতে পেরেছে তেহরান। এর ফলে বাইরের সহায়তা ছাড়াই প্রতিরক্ষা শিল্পের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

আইআরজিসির এই কর্মকর্তা মনে করেন, ক্ষেপণাস্ত্র শিল্পে স্বনির্ভরতা অর্জন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে তাঁর দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: ফারস নিউজ

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত