শ্রীমঙ্গলের সময়

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজন আটক

সারাদেশ · 2026-11-10T06:45:30.000000Z · স্টাফ রিপোর্টার

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মোহন কলেজ শাখার রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে ছাত্রদল। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

ছাত্রদল সূত্রে জানা যায়, আটক দুজন হলেন আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক হিসেবে পরিচিত ঝিনুক এবং তাঁর সহযোগী নির্জন। তাঁদের সঙ্গে থাকা শৈবাল নামে আরেকজন পালিয়ে গেছেন বলে দাবি করা হয়েছে। তিনি ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক বলে ছাত্রদল সূত্র জানিয়েছে।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, ওই এলাকায় তিনজন মিলে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় সেখান দিয়ে যাতায়াতকারী সাধারণ শিক্ষার্থী ও অন্যরা বিষয়টি দেখতে পেয়ে তাঁদের আটক করেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক রাখা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব জানান, ঘটনার সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট এলাকায় অবস্থান করছিলেন। কর্মীদের মাধ্যমে দুজনকে আটকের খবর পেয়ে তিনি, শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ ঘটনাস্থলে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় হস্তান্তর করে।

বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির গনমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করে শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল প্রক্রিয়ার মাধ্যমে তাদের থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত