জামালপুরে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে যৌথ অভিযান
সারাদেশ · 2026-11-05T11:59:55.000000Z · স্টাফ রিপোর্টার
ট্রেনের ছাদে উঠে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত ঠেকাতে জামালপুরে বিশেষ অভিযান শুরু করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার দুপুর থেকে দুই বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদে ভ্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. বাপ্পী মিয়া জানান, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী আন্তনগর ও লোকাল ট্রেনের ছাদে নিয়মিত বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। তাঁদের অনেকেই বিনা টিকিটে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ভ্রমণ করেন। এ প্রবণতা বন্ধ করতেই যৌথ অভিযান শুরু হয়েছে।
ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি রেলপথে প্রতিদিন বেশ কয়েকটি আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে। এসব ট্রেনের মধ্যে রয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর, অগ্নিবীণা ও কমিউটার এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে অনেকেই আসন না পেয়ে টিকিট ছাড়াই ট্রেনের ছাদে উঠে পড়েন। বিশেষ করে রাতের বেলায় এ ধরনের যাত্রা আরও বিপজ্জনক। ছাদে থাকা যাত্রীরা ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যদের হামলার শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন। এ ধরনের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই ছাদে ভ্রমণ বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম ও ইনচার্জ বাপ্পী মিয়া।
অভিযান শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেস ক্লাব জামালপুরের সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন। তিনি এ উদ্যোগের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমও অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তবে যাত্রীদের চাপ সামাল দিতে ঢাকা-জামালপুর রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান বলেন, ছাদে অবৈধভাবে ভ্রমণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে ঝুঁকিপূর্ণ এ যাত্রা অনেকটাই কমে আসবে।