মুক্তাগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
খেলা · 2026-11-05T11:34:23.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ বিভাগে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান এবং মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল শ্রেণিকক্ষের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। মন ও মেধার সুষম বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জনে খেলাধুলা ও শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। তাঁদের অনেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আলোচনা সভা শেষে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।