দুর্ঘটনার পর পালিয়ে যান চালক, ১৮ দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার তারাকান্দায় দুই বোনের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার
সারাদেশ · 2026-11-17T13:33:50.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু বোনের মৃত্যুর ঘটনায় পলাতক কাভার্ডভ্যানচালক মো. রাকিবুলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি-১৪-এর একটি দল অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করে। পরে ওই দিন রাতেই তাঁকে তারাকান্দা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাকিবুল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটকান্দা গ্রামের আওয়াল শেখের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে চালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত দুই শিশু হলো তালদিঘি পশ্চিমপাড়া গ্রামের মুখলেছুর রহমানের মেয়ে আরাবিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাশিদ জানান, ঘটনার দিন সকালে মাদ্রাসায় পড়াশোনা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল দুই বোন। এ সময় সড়কের ফুটপাত দিয়ে হাঁটার সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি জব্দ করে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।