শ্রীমঙ্গলের সময়

চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ: রাইসমিল চালক নিহত, আহত ৩

সিলেটের খবর · 2026-11-17T12:59:26.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট


হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুল হক (শহীদ চৌধুরীর ছেলে) নামের এক রাইসমিল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।​সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আমতলী লোহার ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক উপজেলার গণেশপুর চৌধুরী বাড়ির বাসিন্দা। এছাড়া আহতদের মধ্যে সাহিদ মিয়া নামের একজনের পরিচয় পাওয়া গেছে, যিনি গণেশপুর নোয়াবাদ এলাকার রফিক মিয়ার ছেলে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে শামসুল হক ও সাহিদ মিয়া চাঁন্দপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে আমতলী লোহার ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও টমটমে থাকা চারজনই গুরুতর আহত হন।​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুল হককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অপর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।​এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের একটি মহলের দাবি—ঘটনার আগে শামসুল হক ও সাহিদ মিয়া চাঁন্দপুর এলাকায় মাদক সেবন করেছিলেন। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
​স্থানীয় সচেতন মহল মনে করছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর নেপথ্য রহস্য এবং মাদক সেবনের অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত