গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
সারাদেশ · 2026-11-17T13:34:55.000000Z · মেইল ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজ নিজ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গফরগাঁও থানা এলাকার তিনজন এবং পাগলা থানা এলাকার দুজন রয়েছেন। তাঁরা আওয়ামী লীগ, আওয়ামী ওলামা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
গফরগাঁও থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-৭ নম্বর গফরগাঁও ইউনিয়ন আওয়ামী ওলামা লীগের সহসভাপতি কাজী নজরুল ইসলাম (৪৭), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৬৭) এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কহিনুর মেম্বার (৫৫)।
অন্যদিকে, পাগলা থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মো. নজরুল দপ্তরীর ছেলে ছাত্রলীগের সদস্য মো. সাজিদ দপ্তরী (২০) এবং টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামের মো. আবদুল লতিফের ছেলে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোখলেছুর রহমান (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গফরগাঁও থানা-পুলিশ অভিযান চালিয়ে কাজী নজরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানান, কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পাগলা থানা-পুলিশ সোমবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে সাজিদ দপ্তরী ও মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ ও ধারার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।