শ্রীমঙ্গলের সময়

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

শিক্ষা · 2026-11-17T13:17:00.000000Z · ডেস্ক রিপোর্ট

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার প্রকাশিত তালিকার সঙ্গে পরীক্ষা পরিচালনা ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রেই জেলা ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেবেন। তবে নিজ প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা পরিচালনা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে। প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। অন্যদিকে উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বও নির্দিষ্ট করে দিয়েছে বোর্ড। নির্দেশনা অনুযায়ী, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক।

পরীক্ষা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিষ্ঠানপ্রধান এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত