পছন্দের মানুষকে বিয়ে করতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, অতঃপর যা ঘটল
বিশ্ব · 2026-10-29T14:24:00.000000Z · ডেস্ক রিপোর্ট
পরিবারের অমতে পছন্দের মানুষকে বিয়ে করতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। প্রায় চার ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ভিডিও কলের মাধ্যমে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর নিরাপদে নিচে নামতে রাজি হন তিনি।
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর নাম সাহিবা বেগম। ডাকনাম মেহেক। ২১ বছর বয়সী নূরুদ্দিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে মেহেকের পরিবার এ সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে মায়ের সঙ্গে তর্কের পর তিনি প্রায় ১০০ ফুট উঁচু একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে উঠে যান। ঘটনার সময় নূরুদ্দিন কাজের জন্য প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে অবস্থান করছিলেন।
মেহেক টাওয়ারে ওঠার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা তাঁকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন। তবে তিনি প্রায় চার ঘণ্টা টাওয়ারে অবস্থান করেন। বিয়ের দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেওয়ার হুমকিও দেন তিনি।
খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁকে শান্ত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়।
একপর্যায়ে ভিডিও কলের মাধ্যমে স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা মেহেক ও নূরুদ্দিনের নিকাহ সম্পন্ন করেন। মুম্বাই থেকে ভিডিও কলে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন নূরুদ্দিন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মেহেক টাওয়ার থেকে নামতে রাজি হন। পরে নারী পুলিশ সদস্যরা তাঁকে নিরাপদে নিচে নামতে সহায়তা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার পর মেহেক ও তাঁর পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের জন্য থানায় নেওয়া হয়। পরে মেহেককে তাঁর মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।