মোংলায় এসআরবি ৬ এর অভিযান, ১৫ কেজি গাঁজা'সহ আটক ৪
সারাদেশ · 2026-10-29T13:59:42.000000Z · জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় এসআরবি-৬-এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা গাঁজাসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের মোংলায় ১৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর একটি অভিযানিক দল। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), পারভেজ (২১), ময়না (২৪) ও ফাতেমা (৩০)। তাঁরা মোংলা পৌরসভার বালুরমাঠ এলাকার শ্রম কল্যাণ রোডের বাসিন্দা বলে জানিয়েছে এসআরবি-৬।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চারজনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।
এসআরবি-৬-এর মিডিয়া উইং জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬।