শ্রীমঙ্গলের সময়

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ

জাতীয় · 2026-10-29T15:29:00.000000Z · ডেস্ক রিপোর্ট

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন ও চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে নিবন্ধন, নবায়ন ও ফিটনেস সনদের ফি নির্ধারণের পাশাপাশি নিবন্ধনের মেয়াদ এবং চলাচলের শর্তও উল্লেখ করা হয়েছে।

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করেছে সরকার। নতুন নিয়মে দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধনে এককালীন ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধনে ১০ হাজার টাকা দিতে হবে। এ ছাড়া নিবন্ধন নবায়ন ও ফিটনেস সনদের জন্যও নির্ধারিত ফি দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন নবায়নে বছরে ৪ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার ক্ষেত্রে ৫ হাজার টাকা দিতে হবে। ই-রিকশার ফিটনেস সার্টিফিকেট নিতে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

নতুন নিয়মে ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে নির্ধারিত নিয়মে নিবন্ধন নবায়ন করতে হবে। নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সত্যায়িত ছবি, ফি জমার রসিদ ও ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হলে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে। কোনো আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।

বিধিমালায় নিবন্ধিত ই-রিকশার পরিচিতি ও তথ্য সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট এবং বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক দেবে। ব্লু-বুকে ই-রিকশার চার্জিং স্টেশন বা গ্যারেজের তথ্যও থাকতে হবে।

নিবন্ধন ও নবায়ন ফি থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে। নতুন বিধিমালার ফলে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন, নবায়ন ও চলাচলের ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুসরণ করতে হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত