ইউক্রেনের নিপ্রোতে ট্রেন স্টেশনে ড্রোন হামলা, নিহত ১৩
বিশ্ব · 2026-10-29T14:30:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ইউক্রেনের নিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হামলার সময় জাপোরিজিয়া শহরের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একটি যাত্রীবাহী ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উকরজালিজনিৎসিয়ার ভাষ্য অনুযায়ী, একটি জেটচালিত ড্রোন সরাসরি রেলস্টেশনের প্ল্যাটফর্মে আঘাত হানে। ওই সময় সেখানে জাপোরিজিয়ার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল একটি কমিউটার ট্রেন। ফলে যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হাঞ্জা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় উচ্চ সতর্কতা জারি ছিল। তা সত্ত্বেও প্ল্যাটফর্মে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
যুদ্ধের মধ্যে ইউক্রেনের রেলপথ ও পরিবহন অবকাঠামো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রেল যোগাযোগ দেশটির বেসামরিক যাত্রী পরিবহন ও পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রেলস্টেশনে এ ধরনের হামলায় প্রাণহানির পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও পরিবহনব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স,