শ্রীমঙ্গলের সময়

রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-05T14:47:19.000000Z · জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বন্দবেড় ইউনিয়নের বাঘমারা গ্রামের দুলালের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামান, সোহেল, শবুর, দুলাল, নজরুল ইসলাম ও মনির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকছাস।

বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী নুর আলম খান হিরো বলেন, তিনি নির্বাচিত হলে বন্দবেড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত জনপদের উন্নয়ন, বেকার তরুণ-যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের অগ্রাধিকার প্রদান এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত করে সাধারণ মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চান। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দবেড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ ও সমর্থকদের মধ্যে নুর আলম খান হিরোর বক্তব্যকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় উপস্থিত অনেকে হাত তুলে তাঁর প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ উঠান বৈঠকটি শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত