শ্রীমঙ্গলের সময়

ভালুকায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার

সারাদেশ · 2026-11-11T07:21:47.000000Z · স্টাফ রিপোর্টার

 ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪), ময়মনসিংহের সিপিএসসি ইউনিট। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভালুকা থানাধীন পুরুড়া গ্রামের একটি পাকা সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. হেলাল মিয়া (৪৭), পেশায় চালক এবং রিমন ভূঁইয়া (৪০)।

এসআরবি-১৪-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে সিপিএসসি ইউনিটের একটি আভিযানিক দল জানতে পারে, উপজেলার পুরুড়া গ্রামের একটি সড়কে মাদক কেনাবেচা হচ্ছে। পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকালে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের পেছনের বডিতে বিশেষ কৌশলে রাখা ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

এসআরবি-১৪-এর দাবি, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাঁদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত