শ্রীমঙ্গলের সময়

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

সারাদেশ · 2026-11-11T07:27:25.000000Z · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘মোহাম্মদ তামিম’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন ‘রয়েল রিয়াদ’ ভাই। জয় বাংলা!’

ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের শব্দের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী দ্বীন ইসলাম মুঠোফোনে জানান, তার সামনেই চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কে বেরিয়ে আসেন।

তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ঘটনাটি দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন।

তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ট্রাকের চাকা বিস্ফোরিত হওয়ার শব্দকে ককটেল বিস্ফোরণ বলে মনে করা হয়েছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত