শ্রীমঙ্গলের সময়

ত্রিশালে শুরু হলো তিন দিনব্যাপী ৪৫তম জাতীয় আহলেহাদিস ইজতেমা

সারাদেশ · 2026-11-11T07:20:48.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে বাংলাদেশ আহলেহাদিস তাবলিগে ইসলামের ৪৫তম জাতীয় ইজতেমা। তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা সমবেত হচ্ছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা মিলন সমাজ মাঠে মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আহলেহাদিস তাবলিগে ইসলাম এ আয়োজন করেছে।

ইজতেমাকে কেন্দ্র করে বুধবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি সমাবেশস্থলে আসতে শুরু করেন।

আয়োজক কমিটির মঞ্চ পরিচালক শায়েখ ড. মুযাফফর বিন মহসীন জানান, বুধবার মাগরিবের নামাজের পর ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের পর এর সমাপ্তি ঘটবে। তিন দিনের এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ইসলামি স্কলাররা ধর্মীয় বিষয়ে বয়ান করবেন।

তিনি আরও জানান, প্রতিবছর এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আয়োজক কমিটির সদস্য জহিরুল ইসলাম মুকুল মাস্টার বলেন, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এশার নামাজের পর ইজতেমার মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আয়োজক কমিটির কোষাধ্যক্ষ নাহিদুজ্জামান নাহিদ, মুস্তফিজুর রহমান, এবি সিদ্দিক মাস্টার ও তফাজ্জল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত