মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যা: ৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৪
সিলেটের খবর · 2026-11-18T11:13:30.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের রহস্য মাত্র আট ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন জন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক দোকানি সহ মোট চার জনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, তাঁর ব্যবহৃত একজোড়া স্যান্ডেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. আছকান মিয়া (২৭): পিতা- মৃত নিজাম মিয়া, সাং- কোজারগাঁও, ২নং ওয়ার্ড, ৬নং একাটুনা ইউনিয়ন।২. আমিন আলী (৪৫): পিতা- মৃত আছদ্দর মিয়া, সাং- বড়বাড়ি সোনাপুর।৩. সোহেল মিয়া (৩২): পিতা- মৃত কুতুব মিয়া, সাং- সিংকাপন, ৬নং একাটুনা ইউনিয়ন।৪. আঃ মোসাব্বির (২৮): পিতা- মৃত মোতুজা উল্লা, সাং- মোস্তফাপুর (চোরাই ব্যাটারি ক্রয়ের অভিযোগে গ্রেফতার)।(সবার থানা ও জেলা মৌলভীবাজার)
নিখোঁজ ও মরদেহ উদ্ধার:
পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় অটোরিকশাচালক। গত ১৬ নভেম্বর সকাল থেকে তিনি অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন। পরদিন ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তাঁর পরিচয় শনাক্ত করে।
পুলিশের অভিযান ও উদ্ধার কার্যক্রম:
মরদেহ উদ্ধারের পরপরই মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে নিহতের অটোরিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আছকান মিয়া, আমিন আলী ও সোহেল মিয়াকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার ‘আবিদা স্টোর’ নামক একটি দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি ব্যাটারি উদ্ধার এবং ওই অভিযোগে দোকানি আঃ মোসাব্বিরকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত ও জবানবন্দি:
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশাটি ভাড়া করে আমিন আলীর বাড়িতে নিয়ে যান। পুলিশের ভাষ্যমতে, সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করে এবং পরে সোহেলকে ডেকে আনে। তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে ও মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের একপাশে লুকিয়ে রাখা হয়।
পরবর্তীতে সোহেল ও আছকান অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাটের আবিদা স্টোরের মালিক আঃ মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়। প্রাপ্ত টাকা দিয়ে ইয়াবা কিনে তারা পুনরায় আমিনের বাড়িতে ফিরে যায় এবং মাদক সেবন করে। এরপর ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গুম করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকারী দল:
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারসহ পুলিশের একটি বিশেষ টিম।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।