জকিগঞ্জ থানা, ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি
সিলেটের খবর · 2026-11-16T12:09:49.000000Z · প্রতিবেদক, জকিগঞ্জ
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ সোমবার জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জকিগঞ্জ থানা, ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান রোধ এবং জনসেবার মান বাড়াতে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন।সকালে জকিগঞ্জ থানায় পৌঁছালে ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)। পরে সিলেট জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সালামি গ্রহণ শেষে তিনি থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং বিভিন্ন রেজিস্টারপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এছাড়াও তিনি থানার হাজতখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
থানা পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিক হওয়ার তাগিদ দেন।ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা পরিদর্শন
থানা পরিদর্শন ছাড়াও ডিআইজি মহোদয় জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে তিনি ইমিগ্রেশন কার্যক্রম, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের দায়িত্বপালন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।এরপর তিনি জকিগঞ্জ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ তিন নদীর মোহনা এলাকা পরিদর্শন করেন। এ সময় মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।পরিদর্শনকালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।