"পিঁপড়ে ও হাতির যুদ্ধ" গল্পের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন শাম্মী তুলতুল
সারাদেশ · 2026-10-24T14:09:00.000000Z · সিনিয়র রিপোর্টার
শিশুসাহিত্যে অনন্য অবদান ও সৃজনশীল লেখালেখির স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন জনপ্রিয় শিশুসাহিত্যিক শাম্মী তুলতুল। তাঁর বহুল পঠিত শিশুতোষ বই “পিঁপড়ে ও হাতির যুদ্ধ”-এর অসাধারণ বিক্রয় সাফল্য ও দীর্ঘমেয়াদী পাঠকপ্রিয়তার জন্য প্রকাশনা সংস্থা ‘বাবুই’ তাঁকে এই সম্মাননা প্রদান করে। ২০১৭ সালে প্রকাশিত এই বইটি প্রকাশের পর থেকেই ছোট ও বড় পাঠকদের মাঝে দারুণ সাড়া ফেলে আসছে।গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় শীর্ষ প্রকাশনা সংস্থা ‘বাবুই’ আয়োজিত ‘শিশু সাহিত্য উৎসব ২০২৬’। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা এই বর্ণিল আয়োজনে দিনভর ছিল সাহিত্য আলোচনা, শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ এবং বিশেষ আপ্যায়ন।উৎসবের উদ্বোধনী পর্ব ও আলোচনা সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অধ্যাপক মনসুর মুসা (বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক)হাসান হাফিজ (বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শিশুসাহিত্যিক)কাদের বাবু (বিশিষ্ট লেখক, সাংবাদিক ও প্রকাশক)জুলফিকার শাহাদাৎ (বিশিষ্ট শিশুসাহিত্যিক)‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ অর্জনের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক শাম্মী তুলতুল বলেন, "এই পুরস্কার আমার কাছে অত্যন্ত বিশেষ ও আনন্দের। দুই বাংলা থেকে এর আগে লেখালেখির জন্য বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেও, সর্বাধিক বিক্রিত বই বা 'বেস্ট সেলার'-এর জন্য এটিই আমার প্রথম স্বীকৃতি। পাঠকের ভালোবাসায় সিক্ত এই অর্জন আমার অন্যান্য সব পুরস্কারের চেয়ে সম্পূর্ণ আলাদা।"উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলারই একজন অত্যন্ত জনপ্রিয় গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৭টি। লেখালেখির এই দীর্ঘ ও সুন্দর পথচলায় তিনি সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন।