শ্রীমঙ্গলের সময়

১৩ দিনেও ক্লাসে ফেরেননি জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা

জাতীয় · 2026-10-25T10:38:50.000000Z · স্টাফ রিপোর্টার

নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের পদায়ন বাতিলের দাবিতে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ১৩ তম দিনের মতো অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এর ফলে কলেজের সব ধরনের ক্লাস এবং হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুর্গাপূজার ছুটি শেষে প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীরা ক্লাসে ফিরনি। সকাল থেকেই মাকসুদা ইয়াসমিনের পদায়ন বাতিলের দাবিতে নানা স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, মাকসুদা ইয়াসমিনের পদায়ন আদেশ অবিলম্বে বাতিল করে অন্য কাউকে সেখানে ইন্সট্রাক্টর ইনচার্জ হিসেবে নিয়োগ দিতে হবে।

জানা গেছে, গত ১২ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে বদলি করা হয়। একই আদেশে শেরপুরের ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে জামালপুরে পদায়ন করা হয়। এই আদেশের পর থেকেই মাকসুদা ইয়াসমিনের যোগদান ঠেকানো এবং পদায়ন বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুরে দায়িত্ব পালনকালে মাকসুদা ইয়াসমিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন এবং তার আচরণও শিক্ষার্থীবান্ধব ছিল না। ফলে এসব কারণে তাঁকে জামালপুর কলেজে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শিক্ষার্থী শারমিন বলেন, ‘শেরপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আমরা মাকসুদা ইয়াসমিনকে আমাদের কলেজে দেখতে চাই না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সামিনা আক্তার জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ শিক্ষকেরাও কলেজে প্রবেশ করতে পারছেন না। ফলে ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ হয়ে পড়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) মাকসুদা ইয়াসমিন কলেজে যোগদান করতে এলে শিক্ষার্থীরা তাঁকে বাধা দেন। পরে পুলিশের সহযোগিতায় তিনি স্থান ত্যাগ করেন এবং এরপর থেকে আর কলেজে আসেননি।

এদিকে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাকসুদা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত