নেত্রকোনায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ আটক ৩
সারাদেশ · 2026-10-25T16:44:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সাথে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় ভুক্তভোগীর দ্রুত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, আটক তিনজনই পেশায় ভ্যানচালক। অন্যদিকে, ভুক্তভোগী তরুণী পার্শ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের টানেই শনিবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন ওই তরুণী। পরে প্রেমিক বিল্লাল তাকে কৌশলে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। একপর্যায়ে বিল্লাল তার দুই বন্ধু হারুন ও রুবেলকে সেখানে ডেকে এনে তিনজনে মিলে তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তারা।ঘটনার পরপরই রাতেই সাহস জুগিয়ে থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী। তার অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত তিনজনকে ওই মামলায় দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।