নকলায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৪৩৪ জন
সারাদেশ · 2026-10-25T10:41:06.000000Z · স্টাফ রিপোর্টার
শেরপুরের নকলা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা পেয়েছেন ৪৩৪ জন। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, চর্মরোগের চিকিৎসা, শিশুদের খৎনা, রোগ নির্ণয় পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফি বিভিন্ন সেবার পাশাপাশি ২২ জনের মধ্যে বিতরণ করা হয়েছে হুইলচেয়ার।
শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, ক্যাম্পে ১৪০ জন সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জন মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জন চর্মরোগের চিকিৎসা নেন। এ ছাড়া ২৫ শিশুর খৎনা করা হয়। বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি সম্পন্ন করা হয়। পাশাপাশি ২২ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা।