চুনারুঘাটে ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে মারধর ও ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সিলেটের খবর · 2026-10-25T14:42:00.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাটে জমি দিয়ে চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে ঘুমন্ত এক যুবককে মারধর এবং গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে ভুক্তভোগী যুবকের মা মোছা. মনি আক্তার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার দুপুর দেড়টার দিকে চুনারুঘাট সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি (মাসুকপুর) গ্রামে এই ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রেজিয়া আক্তার (৩৫), মিনারা আক্তার (২৫) ও মনোয়ারা খাতুন (৫৮)-এর সঙ্গে তাঁদের জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিবেশীদের যাতায়াতের সুবিধার্থে নিজেদের জমির ওপর দিয়ে রাস্তা ব্যবহারের সুযোগ দেওয়া হলেও ওই পথ দিয়ে চলাচলের সময় বাড়ির গাছপালা ও অন্যান্য সম্পদের ক্ষতিসাধন করা হতো। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।অভিযোগকারী মনি আক্তার আরও উল্লেখ করেন, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত তিন নারী তাঁর বসতবাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ছেলে খলিল মিয়ার (২৪) ঘরে চড়াও হন। এ সময় তাঁকে জোরপূর্বক চেপে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শারীরিক জখম করা হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় খলিল মিয়ার বালিশের নিচে রাখা গরু বিক্রির ৫৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে। একই সময়ে অভিযোগকারীর ভাই জহুর আলীর ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।ভুক্তভোগী পরিবার জানায়, এর আগেও অভিযুক্তরা খলিলকে মারধর করেছেন এবং পরিবারকে বিভিন্ন সময় প্রাণনাশের পাশাপাশি মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এসব ঘটনায় পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।ঘটনার পর আহত খলিল মিয়াকে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।