হাওর-পাহাড় ঘিরে নেত্রকোনায় পর্যটন বিকাশে মহাপরিকল্পনা
সারাদেশ · 2026-11-17T08:39:27.000000Z · স্টাফ রিপোর্টার
সারা দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরি করা হচ্ছে। অচিরেই তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এ মহাপরিকল্পনায় নেত্রকোনার পর্যটনকেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আমন্ত্রণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখে।
সামীমুজ্জামান বলেন, ডেপুটি স্পিকারের নির্দেশনায় বৃহত্তর নেত্রকোনার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার খালিয়াজুরীর হাওরাঞ্চল এবং সোমবার কলমাকান্দার পাহাড়ি ঢাল, লক্ষ্মীপুর সীমান্তবর্তী পাহাড় ও ছড়া পরিদর্শন করা হয়েছে। পরে দুর্গাপুরের বিজয়পুরের সাদামাটির পাহাড় ঘুরে দেখা হয়।
তিনি বলেন, বিজয়পুরের চীনামাটির পাহাড় বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ। এটি আন্তর্জাতিক মানের পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জেলার হাওর, নদ-নদী, গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং হুমায়ূন আহমেদ ও নির্মলেন্দু গুণের মতো গুণীজনদের স্মৃতিবিজড়িত স্থানগুলো দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারে।
পর্যটন বিকাশের পরিকল্পনা তুলে ধরে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, জেলার পর্যটনকেন্দ্রগুলোর তালিকা ও বিস্তারিত প্রতিবেদন সংগ্রহ করা হবে জেলা ও উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছ থেকে। পর্যটকদের যাতায়াত সহজ করতে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জরুরি ভিত্তিতে কয়েকটি সেতু নির্মাণের বিষয়টি পরিকল্পনায় গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, সরকার সরাসরি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরিবর্তে পর্যটন অবকাঠামো, সড়ক, সেতু এবং পর্যটক পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি ট্যুরিজম, ইকো ট্যুরিজম ও হোমস্টে ট্যুরিজম চালুর পরিকল্পনা রয়েছে।
স্থানীয় উদ্যোক্তারা যাতে হোটেল, মোটেল ও রিসোর্ট নির্মাণে আগ্রহী হন, সে জন্য ব্যাংক থেকে স্বল্পসুদে ঋণ এবং শুল্ক রেয়াতের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
প্রতিটি পর্যটনকেন্দ্রে পৃথকভাবে সরকারি হোটেল-মোটেল নির্মাণের সম্ভাবনা নিয়ে চেয়ারম্যান বলেন, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নেত্রকোনা জেলা শহরকে কেন্দ্র করে একটি পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে পর্যটকেরা জেলা শহরকে কেন্দ্র করে সহজেই বিভিন্ন উপজেলার পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারবেন।
এ সময় পর্যটকদের নিরাপত্তা ও আতিথেয়তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নেত্রকোনার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার অনুরোধ জানান পর্যটন করপোরেশনের চেয়ারম্যান।