করিমগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সারাদেশ · 2026-11-17T08:40:55.000000Z · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন আলমগীর। এ সময় পাশের একটি ভাঙা সুপারি গাছ সরাতে গিয়ে তিনি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সুপারি পাড়তে গাছে উঠেছিলেন আলমগীর। এ সময় পাশের একটি ভাঙা সুপারি গাছ সরাতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। পরে গাছ থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।