কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি থেকে সৈয়দ এনামুল হক উমরের পদত্যাগ
খেলা · 2026-11-17T08:45:12.000000Z · স্টাফ রিপোর্টার
যথাযথ নিয়ম অনুসরণ না করে এবং প্রকৃত ক্রীড়া সংগঠকদের অবমূল্যায়ন করে কমিটি গঠনের অভিযোগ তুলে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ক্রিকেট উপ-কমিটি থেকে পদত্যাগ করেছেন সৈয়দ এনামুল হক (উমর)।
তিনি কিশোরগঞ্জের খরমপট্টির নবদিগন্ত ক্রিকেট ক্লাবের প্রতিনিধি।
সোমবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে সৈয়দ এনামুল হক উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পারেন, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটিতে তাঁকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে কমিটি গঠনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি।
কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, যথাযথ নিয়ম অনুসরণ না করে এবং অনেক প্রকৃত ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠককে উপেক্ষা করে এ কমিটি গঠন করা হয়েছে। তাঁর অভিযোগ, এ ধরনের প্রক্রিয়া কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে একটি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় পরিবেশ সৃষ্টি করেছে।
এমন পরিস্থিতিতে নবগঠিত ক্রিকেট উপ-কমিটিতে থাকা সমীচীন মনে না করায় তিনি তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।