শ্রীবরদীতে মানব পাচারের অভিযোগে একজন আটক, নজরদারিতে আরও দুজন
সারাদেশ · 2026-11-17T08:29:58.000000Z · স্টাফ রিপোর্টার
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে মোঃ সেলিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে মানব পাচারকারী সন্দেহে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মোঃ ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়া মানব পাচার চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেছেন। তাঁরা হলেন—শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের চুন্নু মিয়ার ছেলে মোঃ স্বপন এবং বৈষ্ঠমপাড়া গ্রামের মোঃ সুমন।মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মানব পাচার, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।