নারীদের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, নিয়োগ দেওয়া হবে মিডওয়াইফ
স্বাস্থ্য · 2026-10-30T15:28:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তাঁরা স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিডওয়াইফ নারীদের বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কাজ করবেন। বিশেষ করে স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণে তাঁদের ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে তাঁরা ভূমিকা রাখবেন।
স্তন ও জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে সচেতনতার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ কারণে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে কিশোরীদের মধ্যে এ রোগ প্রতিরোধে সচেতনতা ও সুরক্ষা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।