মৌলভীবাজারে নিষিদ্ধ রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ‘আল আমিন স্টোর’কে ৬০ হাজার টাকা জরিমানা
সিলেটের খবর · 2026-11-18T10:58:55.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে ‘আল আমিন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, শহরের বহুল পরিচিত কাঁচামাল বিক্রেতা প্রতিষ্ঠান ‘আল আমিন স্টোর’-এ তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুতর অপরাধ ও অনিয়মের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।যেসব অপরাধে জরিমানা করা হয়:নিষিদ্ধ হাইড্রোজ বিক্রি: স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজের উপস্থিতি পাওয়া যায়।ক্ষতিকর সোডিয়াম সাইক্লামেট: চিনির চেয়ে প্রায় ৩০ গুণ বেশি মিষ্টি এবং মানবদেহের জন্য ক্ষতিকর এই নিষিদ্ধ উপাদান বিক্রি করা হচ্ছিল।নিষিদ্ধ কেওড়াজল: বিরিয়ানিতে বহুল ব্যবহৃত ক্ষতিকর ও নিষিদ্ধ কেওড়াজল বিক্রি।মেয়াদোত্তীর্ণ পণ্য: মেয়াদোত্তীর্ণ সসসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুত ও বিক্রি।বেনামি ও নকল পণ্য: বেনামি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্যোপকরণ বিক্রি।এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সমস্ত নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পরবর্তীতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যলয়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়া পুরো অভিযানের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।