শ্রীমঙ্গলের সময়

রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থানে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

সারাদেশ · 2026-11-02T17:38:00.000000Z · সিনিয়র রিপোর্টার


​রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত ১২০ জন উপকারভোগীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন এবং বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।​সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে (৮ম তলা) আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।​ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত 'লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (LSUPCB)' প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম দেওয়া হয়। এর মধ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।​প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, "নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করাই আমাদের প্রধান লক্ষ্য। শুধু চাকরির পেছনে না ছুটে তরুণ-তরুণীরা যাতে নিজেদের কর্মসংস্থান নিজেরা সৃষ্টি করতে পারেন, সে জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই প্রকল্পটির কার্যক্রম ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডেই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।"​তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নতুন উদ্যোক্তাদের সহায়তা ও বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। পাশাপাশি গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি ফুটপাত দখলমুক্ত রাখা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে রাসিকের ইতিবাচক পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেন।​রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।​এ সময় অন্যান্যের মধ্যে রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সংস্থাটির কর্মকর্তা, সিডিসি নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।​সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন উপকারভোগী আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। তাঁরা বলেন, ৩ মাসের নিবিড় প্রশিক্ষণ ও এই সহায়তা সরঞ্জাম তাঁদের আত্মনির্ভরশীল হতে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে অনুঘটক হিসেবে কাজ করবে।​উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে ও রাসিকের সহযোগিতায় বাস্তবায়িত LSUPCB প্রকল্পের আওতায় গত এক বছরে নগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে আজ এসব কর্মসংস্থান উপকরণ বিতরণ করা হলো।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত